ইরানের পতাকা যেখানে উড়বে, সেখানেই প্রতিরক্ষায় থাকবেন সাহসী নাবিকেরা: আরাগচি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

নৌবাহিনী দিবস উপলক্ষে ইরানের নৌবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের পতাকা যেখানে উড়বে, সেখানেই দেশের সাহসী নাবিকেরা মাতৃভূমির নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি পেইকান জাহাজ ও ডেনা ডেস্ট্রয়ারের শহীদ নাবিকদের স্মরণ করেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানিকে পাঠানো এক বার্তায় রোববার (২৯ নভেম্বর) সকালে আরাগচি বলেন, ইতিহাসজুড়ে ইরানের নাবিকদের আত্মত্যাগ দেশের সামুদ্রিক স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বার্তায় তিনি লেখেন, ‘পেইকান থেকে ডেনা একটি সত্য কখনো বদলায়নি। ইরানের সাহসী নাবিকেরা শুধু দেশের সীমান্তের কাছেই নয়, বরং যেখানেই ইরানের পতাকা উড়বে, সেখানেই এই ভূখণ্ডের রক্ষক।’

আরাগচি ৪৬ বছর আগে পরিচালিত ঐতিহাসিক ‘অপারেশন মোরভারিদ’-এর কথা স্মরণ করেন। ওই অভিযানে পেইকান জাহাজের নাবিকেরা ইরানের সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, এ অভিযান প্রমাণ করেছে, দেশের সমুদ্রসীমা ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় আত্মত্যাগ ও নিঃস্বার্থতার প্রয়োজন হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছরের নৌবাহিনী দিবসে ডেনা ডেস্ট্রয়ারের ‘নিপীড়িত শহীদ’ নাবিকদের স্মৃতিও বিশেষভাবে জড়িয়ে আছে। তাঁদের আত্মত্যাগ ইরানের নৌবাহিনীকে ঘিরে দেশটির মানুষের স্মৃতিতে নতুন অধ্যায় যুক্ত করেছে।

তিনি আরও বলেন, ৪০ দিনের যুদ্ধ চলাকালে এবং পরবর্তী সময়ে পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনীর সতর্ক ও শক্তিশালী নিরাপত্তা কার্যক্রম দেশের সামুদ্রিক কর্তৃত্ব বজায় রাখতে নির্ণায়ক ভূমিকা রেখেছে।

আরাগচির ভাষায়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের কেন্দ্রবিন্দু। নৌবাহিনীর কার্যক্রম আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির কৌশলগত অবস্থান আরও সুসংহত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব ও কৌশলগত স্বার্থ সুরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক প্রস্তুতি ও সতর্কতা অপরিহার্য। বিশেষ করে সেনাবাহিনী নৌবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৭ আজার উপলক্ষে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এবং সেনাবাহিনীর নৌবাহিনীর সব কমান্ডার, কর্মকর্তা ও সদস্যকে অভিনন্দন জানান আরাগচি। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় তাঁদের সাফল্য কামনা করেন তিনি।

ডেনার শহীদদের স্মরণ

ভারতে বহুজাতিক নৌমহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে গত মার্চে ডেনা ডেস্ট্রয়ারটি যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের হামলার শিকার হয়। ওই ঘটনায় নিহত নাবিকদের স্মরণে এখনো বিভিন্ন কর্মসূচি পালন করছে ইরান।

ইরানের সেনাবাহিনীর কর্মকর্তারা হামলাটিকে শান্তিপূর্ণ মিশন শেষে দেশে ফেরার পথে থাকা একটি জাহাজের ওপর ‘কাপুরুষোচিত ও বেআইনি’ আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। তাঁরা এ ঘটনার দায় নির্ধারণ এবং নিহত নাবিকদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছেন।

ডেনা ট্র্যাজেডির পর ইরান তার নৌ-প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং নৌবাহিনী ও কৌশলগত জলপথের নিরাপত্তায় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসছে।

ইরানে প্রতিবছর ৭ আজার নৌবাহিনী দিবস পালন করা হয়। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধের সময় সেনাবাহিনী ও নৌবাহিনীর আত্মত্যাগ এবং ‘অপারেশন মোরভারিদ’-এর স্মরণে দিনটি পালিত হয়।

ইরানের সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির দৃঢ় অবস্থানের প্রতীক হিসেবে এখনো বিবেচিত হয় ওই অভিযান।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত