কেন আইজেনকোটকে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রীর প্রস্তাব নেতানিয়াহুর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার জানিয়েছেন, 'ইয়াশার' পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে গঠিতব্য একটি ঐক্যের সরকারে পর্যায়ক্রমিক (রোটেশন) চুক্তির আওতায় তিনি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে রাজি আছেন।

নেতানিয়াহুর লিকুদ পার্টিকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের লক্ষ্যে কাজ করা দলগুলোর জোটে ফাটল ধরানোর উদ্দেশ্যে তিনি এই বড় ধরনের ছাড় দেয়ার প্রস্তাব দিয়েছেন বলে মনে হচ্ছে। 

এক বিবৃতিতে তিনি প্রস্তাব দেন, 'গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী (অল্টারনেট প্রাইম মিনিস্টার) হিসেবে দায়িত্ব পালন করব।'

জবাবে আইজেনকোট কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য নেতানিয়াহু ও তার লিকুদ পার্টিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে সরাসরি আলোচনা শুরু করার আমন্ত্রণ জানিয়েছেন। উভয় নেতা রোববার সকালে আলোচনায় বসতে সম্মত হয়েছেন।

লিকুদের মন্ত্রী ও আইনপ্রণেতারা দ্রুত নেতানিয়াহুর এই প্রস্তাবকে সমর্থন জানালেও কীভাবে এর জবাব দেয়া হবে তা নিয়ে আইজেনকোটের জোটের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। এই জোটের মধ্যে নেতানিয়াহুর সাথে ঐক্যের বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী 'বি’ইয়াহাদ' পার্টির নেতা নাফতালি বেনেট সতর্কতার সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে তার দলের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াইর লাপিদ এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান—উভয়েই নেতানিয়াহুর এই প্রস্তাবকে একটি 'ধোঁকা' হিসেবে প্রত্যাখ্যান করে সতর্ক করেছেন যে, লিকুদ পার্টি তাকে ছাড়াই আইজেনকটের তথাকথিত 'পরিবর্তনের জোট'-এর নতুন সরকার গঠনের শপথ গ্রহণ আটকে দেয়ার চেষ্টা করছে।

গত মাসের অমীমাংসিত নির্বাচনের পর নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনের পথে আইজেনকট বড় ধরনের অগ্রগতি অর্জন করে আভিগদোর লিবারম্যানের 'ইসরাইল বেইতেনু' এবং গোলানের 'ডেমোক্র্যাটস' দলের সাথে জোট চুক্তি স্বাক্ষর করার প্রেক্ষাপটে এই প্রস্তাব এলো। তবে তিনি এখনো বি’ইয়াহাদের সাথে কোনো চুক্তি স্বাক্ষর করেননি।

বেনেটের বি’ইয়াহাদকে সাথে নিলেও আইজেনকটের চার-দলীয় জোটের আসন সংখ্যা দাঁড়ায় মাত্র ৪৮টি, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের চেয়ে অনেক কম। এই ঘাটতি পূরণ করতে আইজেনকট দুটি আরব-নেতৃত্বাধীন দল, দুটি অতি-রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দল অথবা এই চারটি দলের কোনো সমন্বয়ের সমর্থনের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তিনি হারেদি দল 'ইউনাইটেড তোরাহ জুডাইজম' (ইউটিজে) এবং আরব-নেতৃত্বাধীন 'রা’আম'-এর সমর্থনে সরকার গঠনের শপথ নেয়ার পরিকল্পনা করছেন। 

'চ্যানেল ১৩'-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইজেনকোট শনিবার রাতেই একটি কার্যকর জোট গঠনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছিলেন, আর তাতেই নেতানিয়াহু এই প্রস্তাব দিতে বাধ্য হন; এর আগে লিকুদ নেতা কেবল নিজেকে প্রথম প্রধানমন্ত্রী রেখেই আইজেনকোটের সাথে 'ঐক্যের' অংশীদারিত্ব সমর্থন করেছিলেন।

দেশের কল্যাণের স্বার্থে দেয়া একটি ছাড় হিসেবে নেতানিয়াহু তার এই নতুন অবস্থানের কথা তুলে ধরেন এবং আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সাথে সরকার গঠনের কথিত বিপদ সম্পর্কে তার পূর্বের দাবিগুলোর পুনরাবৃত্তি করে আবারো অভিযোগ করেন, দলগুলো ইসরায়েলের ধ্বংস চায়।

তিনি বলেন, 'অস্তিত্বের সংকটের ভয়াবহতা এবং এই সঙ্কট মোকাবিলায় অক্ষম একটি সরকার গঠিত হওয়ার সম্ভাবনার কথা বিবেচনা করে, একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো বৃহত্তম দলের নীতিসহ সবকিছু একপাশে সরিয়ে রেখে এই প্রস্তাবে সম্মত হওয়া যে—গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকব।'

গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো নেতানিয়াহু দাবি করেন, লিকুদ যেহেতু বৃহত্তম দল, তাই 'স্বাভাবিকভাবেই' তারই ঐক্যের সরকারের নেতৃত্ব দেয়া উচিত, কিংবা অন্তত পর্যায়ক্রমিক চুক্তিতে প্রথমে দায়িত্ব পালন করা উচিত। নতুন এই আপসের ঘোষণা দেয়ার আগ পর্যন্ত এটিই ছিল তার অবস্থান।

নির্বাচনে লিকুদ ২৭টি এবং দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে ইয়াশার ২১টি আসন লাভ করে। তবে ১২০ জন নেসেট সদস্যের (এমকে) মধ্যে ৬৭ জন আইজেনকটকে এবং ৪৬ জন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করায় (সাত আসনবিশিষ্ট ইউনাইটেড তোরাহ জুডাইজম কোনো প্রার্থীকে সুপারিশ করেনি), প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গত ৮ নভেম্বর নেতানিয়াহুর পরিবর্তে আইজেনকটকে সরকার গঠনের জন্য ২৮ দিনের সময়সীমা (ম্যান্ডেট) প্রদান করেন।

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে তার নতুন প্রস্তুতির আলোকে নেতানিয়াহু বলেন, তিনি আশা করেন আইজেনকটের জোট অবিলম্বে 'উন্মুক্ত, আন্তরিক, সৎ এবং দ্রুতগতির আলোচনা' শুরু করবে।

নেতানিয়াহু স্পষ্ট করেন যে, তার প্রস্তাবিত ঐক্যের সরকারে অতি-রক্ষণশীল ইউটিজে এবং শাস  দল অন্তর্ভুক্ত থাকবে। তিনি অতি-রক্ষণশীল দলগুলোর সাথে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ (কনস্ক্রিপশন) বিষয়ে সমঝোতায় পৌঁছানোর প্রতিশ্রুতি দেন—যা তিনি আগের সরকারে অর্জন করতে ব্যর্থ হওয়ায় তার দীর্ঘদিনের মিত্র ইউটিজে দূরে সরে গিয়ে আইজেনকোটের দিকে ঝুঁকে পড়েছিল।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ দাবি করেছে যে প্রধানমন্ত্রী তার প্রস্তাব ঘোষণার আগে আইজেনকোটকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু আইজেনকোট পাল্টা ফোন করেননি। দলটি আরো জানায়, ঘোষণার পরও নেতানিয়াহু আইজেনকোটকে ফোন করেছিলেন, কিন্তু ইয়াশার চেয়ারম্যান ফোন ধরেননি। পরে লিকুদ পার্টি জানায়, দুই নেতা রোববার সকাল ১০টায় হার্জলিয়ায় বৈঠকে বসতে যাচ্ছেন।

ইতিমধ্যে ইয়াশার পার্টি জানিয়েছে, আইজেনকট তার জোটের দলগুলোর নেতাদের সাথে কথা বলেছেন এবং সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন।

সূত্র : টাইমস অব ইসরাইল

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত