ইরানিরা অনেক কঠিন জাতি: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো অত্যন্ত কঠিন, কারণ দেশটির নেতৃত্ব বিভক্ত এবং ইরানিরা 'অত্যন্ত কঠিন মানুষ'। তবে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক, সব ধরনের উপায় ব্যবহার করে সংকটের সমাধানে কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।

ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামের সঙ্গে সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে।

তার ভাষায়, 'ইরানিরা অত্যন্ত কঠিন মানুষ। পাশাপাশি তাদের শাসনব্যবস্থাও বিভক্ত। সেখানে এমন একটি অংশ রয়েছে যারা যুদ্ধের অবসান চায়, আবার উগ্রপন্থী আরেকটি অংশ সংঘাত চালিয়ে যেতে চায়।'

ভ্যান্স বলেন, এই বাস্তবতার মধ্যেই যুক্তরাষ্ট্রকে এমন একটি পথ খুঁজে নিতে হবে, যা মার্কিন জনগণ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে ইতিবাচক ফল বয়ে আনবে।

তিনি জানান, ওয়াশিংটন কেবল কূটনীতির ওপর নির্ভর করছে না; প্রয়োজন হলে সামরিক ও অর্থনৈতিক চাপও প্রয়োগ করা হবে।

ভ্যান্সের দাবি, যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, 'আমরা আমাদের হাতে থাকা সব উপায়, সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ব্যবহার করব, যাতে এই সংকটের সঠিক সমাধান নিশ্চিত করা যায়।'

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও সম্প্রতি বলেছেন, তিনি সামরিক সংঘাতের পরিবর্তে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের বিকল্পও খোলা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। সূত্র: ফক্স নিউজ