জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়ায় নেতৃত্বের পালাবদল শুধু নতুন প্রধান নির্বাহী নিয়োগের বিষয় নয়। এর মধ্য দিয়ে নির্ধারিত হতে পারে, প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের পরিবারের সদস্যরা কোম্পানির ভেতরে কতটা প্রভাব ধরে রাখতে পারবেন।
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং আবারও কোম্পানিটির নেতৃত্বে ফেরার চেষ্টা করছেন বলে জানিয়েছে এনডিটিভি। তবে তাঁর পদত্যাগের পর বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটিতে নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন দীর্ঘদিনের অর্থপ্রধান কোলেট ক্রেস। একই সঙ্গে কোম্পানির ভেতরে ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠা জেনসেনের মেয়ে ম্যাডিসন হুয়াংয়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে ম্যাডিসন ও ক্রেসের মধ্যে মতবিরোধ ছিল।
জেনসেনের অনুপস্থিতিতে কোম্পানির অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে ক্রেসের সামনে।
দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, ম্যাডিসন ও তাঁর স্বামী নিকো ক্যাপরেজের সঙ্গে ক্রেসের বিরোধ হয়েছিল। দুজনই এনভিডিয়ায় দ্রুত পদোন্নতি পেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে প্রকাশনাটি জানিয়েছে, জেনসেনের বিদায়ের পর কোম্পানিতে এই দম্পতির প্রভাবের ওপর মতবিরোধের প্রভাব পড়তে পারে।
২০২০ সালে ইন্টার্ন হিসেবে এনভিডিয়ায় যোগ দেন ম্যাডিসন। বর্তমানে তিনি কোম্পানিটির পণ্য বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক। তবে বাবার ভাবমূর্তি রক্ষা ও প্রচারের কাজেও তাঁর ভূমিকা রয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তিনি কার্যত চিফ অব স্টাফের দায়িত্বও পালন করেন। কোম্পানির জ্যেষ্ঠ কর্মীদের সঙ্গে কঠোর আচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অন্যদিকে, ২০২৪ সালে এনভিডিয়ায় যোগ দেন নিকো। ২০২৬ সালের জানুয়ারিতে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন। ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাডিসন ও নিকো দুজনেরই কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখযোগ্য প্রভাব ছিল। এতে এনভিডিয়ার কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, জেনসেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে এই দম্পতি কখনো কখনো পদমর্যাদায় তাঁদের চেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলতেন।
তবে পারিবারিক প্রভাবের প্রশ্নেই ক্রেসের সঙ্গে তাঁদের বিরোধ সীমাবদ্ধ ছিল না। জেনসেনের ক্রমবর্ধমান উচ্চাভিলাষী আর্থিক বিনিয়োগ নিয়েও প্রশ্ন তোলা কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তার মধ্যে অন্যতম ছিলেন ক্রেস।
জেনসেনের বড় বিনিয়োগ পরিকল্পনায় আপত্তি তুলেছিলেন ক্রেস
২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেন কোলেট ক্রেস। এর আগে মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসে গুরুত্বপূর্ণ আর্থিক পদে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে এনভিডিয়াকে গ্রাফিকস চিপ নির্মাতা প্রতিষ্ঠান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রভাবশালী প্রতিষ্ঠানে রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্রেস।
তবে আর্থিক ঝুঁকি নেওয়ার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি অনেক সময় জেনসেন হুয়াংয়ের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এআই অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান ও গ্রাহকদের জন্য এনভিডির বড় অঙ্কের অর্থায়ন প্রতিশ্রুতি নিয়ে ক্রেস ও তাঁর অর্থ বিভাগ প্রশ্ন তুলেছিল। এসব উদ্যোগের মধ্যে ওপেনএআই ও ল্যাম্বডার সঙ্গে সংশ্লিষ্ট বিনিয়োগও ছিল।
এর মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী একটি প্রস্তাব ছিল যুক্তরাষ্ট্রের ওহাইওতে ওপেনএআইয়ের একটি ডেটা সেন্টার প্রকল্পে সর্বোচ্চ ২৫০ বিলিয়ন ডলারের ঋণ-সহায়তা দেওয়ার পরিকল্পনা। পরে প্রস্তাবিত অর্থের পরিমাণ কমিয়ে ১২০ বিলিয়ন ডলার করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের চুক্তির ঝুঁকি আরও গভীরভাবে পর্যালোচনার পক্ষে ছিলেন ক্রেস। কোন চুক্তিতে অর্থায়ন করা উচিত, সম্ভাব্য ঝুঁকি কী এবং বিনিয়োগ থেকে কী পরিমাণ মুনাফা আসতে পারে—এসব বিষয়ে তিনি বিস্তারিত মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ ক্ষেত্রে ক্রেসের সতর্ক অবস্থানের বিপরীতে এআই খাতে এনভিডিয়ার অবস্থান আরও শক্তিশালী করতে বিপুল অঙ্কের বিনিয়োগে আগ্রহী ছিলেন জেনসেন।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে আগস্টের একটি বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে জেনসেন হুয়াং একটি উপস্থাপনার সময় ক্রেসকে থামিয়ে তাঁকে ‘হেডলাইটের আলোয় স্থির হয়ে যাওয়া হরিণের মতো’ বলে মন্তব্য করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। এ ছাড়া শুধু আর্থিক তথ্য তুলে ধরার পরিবর্তে কৌশল নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে ক্রেস তাঁকে সহায়তা করতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন জেনসেন।
জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর ম্যাডিসন ও তাঁর স্বামীর প্রভাব কমতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে। কারণ, তাঁদের আর কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গে সরাসরি যোগাযোগের আগের সুযোগ থাকবে না।
রয়টার্সের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক নিয়ে তদন্ত ও সমালোচনার মুখে কোম্পানির জনসংযোগ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ম্যাডিসন। এ বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিক পদে তাঁর দায়িত্বের বাইরেও তিনি বিভিন্ন কাজ সামলেছেন।
জেনসেন হুয়াংয়ের বিদায় ঘিরে তৈরি হওয়া বিতর্কে নিকো ক্যাপরেজের নামও এসেছে। এশিয়াজুড়ে আন্তর্জাতিক ক্লাউড কম্পিউটিং চুক্তি তদারকির দায়িত্ব ছিল তাঁর।
এদিকে কোম্পানিটির ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে জাতীয় নিরাপত্তা ও রপ্তানি নিয়ন্ত্রণসংক্রান্ত উদ্বেগ বাড়তে থাকায় এসব নীতিমালা তদারকির জন্য একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
তবে অন্তর্বর্তী নেতৃত্বে থাকা ক্রেস পারিবারিক প্রভাব ও নির্বাহী কর্তৃত্বের মধ্যে সীমারেখা নতুন করে নির্ধারণ করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। ম্যাডিসন বা ক্যাপরেজের পদ কিংবা দায়িত্ব কমানোর কোনো ঘোষণা দেওয়া হয়নি।
আপাতত বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা, প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখা এবং কোম্পানির পরিচালন কাঠামো নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেওয়াই ক্রেসের বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে তাঁকে এমন একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে, যার অভাবনীয় প্রবৃদ্ধির সঙ্গে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত নেতৃত্ব ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল।