ইরান যুদ্ধের অস্ত্রসংকট

মেয়াদোত্তীর্ণ ‘টমাহক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করছে মার্কিন নৌবাহিনী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মজুত কমে যাওয়ায় মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত নৌবাহিনীপ্রধান পদপ্রার্থী এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সিনেটের শুনানিতে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও স্বীকার করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আট মাসের সংঘাত নৌবাহিনীর সামরিক সম্পদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। যুদ্ধের ব্যয়, অস্ত্রের মজুত কমে যাওয়া এবং দীর্ঘ সময় ধরে সেনা মোতায়েন রাখার বিষয় নিয়ে দুই দলের সিনেটররা তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করেন।

২০২১ সালে সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অবসরে যাওয়া কাও বলেন, ‘আমি যখন ইউনিফর্ম পরতাম, তখন বছরে মাত্র ১২৫টি টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি হতো। এখন প্রতি মাসে ৬০টিরও বেশি তৈরি হচ্ছে।’ নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার উৎপাদনও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার উদ্বেগের কারণে টমাহক উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানান কাও। তবে তিনি স্বীকার করেন, নৌবাহিনী মেয়াদোত্তীর্ণ গোলাবারুদও ব্যবহার করছে।

ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব বলেন, ‘কিছু গোলাবারুদের ক্ষেত্রে আমরা সেগুলোর কোড পরিবর্তন করেছি। ফলে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদও নিক্ষেপ করতে পারছি।’

সংস্করণভেদে প্রতিটি টমাহক ক্ষেপণাস্ত্রের দাম ২০ লাখ থেকে ৪০ লাখ ডলারের মধ্যে। কিছু হিসাব অনুযায়ী, একেকটির দাম সাড়ে ৩৫ লাখ ডলার পর্যন্ত হতে পারে।

ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, স্বাধীন বিভিন্ন হিসাব ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের জাহাজ চলাচলে মার্কিন নৌ অবরোধ বজায় রাখতে প্রতিদিন প্রায় ৩ কোটি ২৫ লাখ ডলার ব্যয় হচ্ছে। এ ছাড়া বাহরাইনে নৌবাহিনীর আঞ্চলিক সদর দপ্তরে ইরানের হামলায় অন্তত ৪০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

জবাবে কাও নিশ্চিত করেন, ইরানের জাহাজ চলাচলে অবরোধ বজায় রাখতে প্রতিদিন প্রায় ৩ কোটি ২৫ লাখ ডলার খরচ হচ্ছে। তবে বাহরাইনে নৌবাহিনীর সদর দপ্তরের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেননি তিনি। তাঁর ভাষায়, ‘ওই এলাকায় আমাদের প্রবেশের অনুকূল পরিস্থিতি নেই।’

এর আগে কয়েক মাস আগে অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে কাও বলেছিলেন, ইরান ‘বাহরাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে’।

গত আগস্টে বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের বিরুদ্ধে কয়েক মাসের যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর নির্ভুল লক্ষ্যভেদী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুতের বড় অংশ শেষ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) এবং তুলনামূলক নতুন প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)—যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের গুরুত্বপূর্ণ দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।

মার্কিন অস্ত্রভান্ডারের ওপর এই চাপের মধ্যে ট্রাম্প প্রশাসন অস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) সতর্ক করেছে, অত্যাধুনিক শ্রেণির অস্ত্রের মজুত দ্রুত পুনর্গঠনের উদ্যোগের সুফল পেতে কয়েক বছর লেগে যেতে পারে।

চলতি বছরের শুরুতে উন্নত অস্ত্রের উৎপাদন চার গুণ বাড়ানোর লক্ষ্যে হোয়াইট হাউস অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করে।

যুদ্ধের আগে থেকেই অস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কা ছিল। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করেছিলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ মার্কিন অস্ত্রভান্ডারের ওপর গুরুতর চাপ সৃষ্টি করতে পারে।

গত মঙ্গলবার সিনেটের শুনানিতে মার্কিন আইনপ্রণেতারাও সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে কয়েক মাসের সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি দুর্বল করেছে এবং চীনকে মোকাবিলার জন্য বরাদ্দ সম্পদ অন্যদিকে সরিয়ে নিয়েছে।

সিনেটের সশস্ত্র বাহিনী কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড বলেন, ‘অপারেশন এপিক ফিউরিতে ব্যবহৃত গোলাবারুদ এবং এতে হওয়া ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর লাগবে।’

তবে কাও দাবি করেন, এই সংঘাত যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তাঁর ভাষায়, সামরিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সহযোগিতা প্রদর্শনের মাধ্যমে যুদ্ধটি ‘চীনকে বেশ চাপে ফেলে দিয়েছে’।

২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল-অধিকৃত ভূখণ্ড এবং অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এ ছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর ও দেশটির জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটনের অবরোধের জবাবে তেহরান কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয় এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রে তেল ও জ্বালানির দাম বেড়ে যায়। সরবরাহের চাপ কমাতে ওয়াশিংটন ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) কয়েক দফায় কৌশলগত তেলের মজুত বাজারে ছাড়ে।

এদিকে ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরুর হুমকি দিয়ে আসছেন মার্কিন কর্মকর্তারা। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, যুদ্ধ নিয়ে রাজনৈতিক চাপের পাশাপাশি মার্কিন নৌবাহিনীর কয়েকজন কর্মকর্তাকে সাম্প্রতিক সময়ে বরখাস্ত করার ঘটনাও আলোচনায় এসেছে। ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত এবং যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন কাও নৌবাহিনীর স্থায়ী সচিব পদে সিনেটের অনুমোদন চাইছেন। তবে সক্রিয় সামরিক দায়িত্ব ছাড়ার সাত বছর পূর্ণ হওয়ার আগেই তিনি মনোনীত হওয়ায় এ পদে নিয়োগ পেতে কংগ্রেসের বিশেষ ছাড়ও প্রয়োজন।

মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর রিপাবলিকানরা আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের কাছে ছেড়ে দিতে যাচ্ছে।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত