অর্থনীতি ভালো থাকলে তথ্য কোথায়, ইরানকে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ইরানের অর্থনীতির প্রকৃত পরিস্থিতি আড়াল করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি কর্মকর্তারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রপ্তানি আয় নিয়ে ইতিবাচক বক্তব্য দিলেও বাস্তবে মূল্যস্ফীতি, মুদ্রার দরপতন ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে ইরানের অর্থনৈতিক অবস্থার বিষয়ে সরকারের বক্তব্যের অসংগতি তুলে ধরে তেহরানকে প্রশ্নবিদ্ধ করেছে ওয়াশিংটন।

রোববার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফারসি ভাষার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দাবি করছেন, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত। একই সঙ্গে অর্থমন্ত্রী রপ্তানি বৃদ্ধির কথা বললেও এর পক্ষে কোনো পরিসংখ্যান বা সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করছেন না। অথচ সাধারণ ইরানিরা মাংস, মুরগির মাংস ও আবাসনের মতো মৌলিক চাহিদা পূরণে ক্রমেই বেশি সমস্যার মুখে পড়ছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দাবির অসংগতি রয়েছে। দপ্তরটির বক্তব্য, অর্থনীতি ভালো অবস্থায় থাকলে সরকার পরিসংখ্যান ও তথ্য প্রকাশ করে; সংকটের মুখে পড়লে শুধু কথার আশ্রয় নেয়।

ইরানের অর্থনৈতিক সংকটের গভীরতা বোঝা যাচ্ছে দেশটির মুদ্রাবাজারের পরিস্থিতিতেও। বার্তা সংস্থা রয়টার্সের ২৮ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের বিনিময়মূল্য রেকর্ড পতনের মুখে পড়ে। খোলাবাজারে প্রতি ডলারের দাম প্রায় ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালে পৌঁছায়।

রয়টার্স জানিয়েছে, গত অক্টোবর মাসে ইরানে ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, বার্ষিক গড় মূল্যস্ফীতিও বেড়ে ৭৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। 

তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা নাকচ করেছেন। রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, দেশটির অর্থনীতি ধসে পড়েনি। প্রয়োজনীয় পণ্য ও ওষুধ আমদানির ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা এখনো রয়েছে। তবে বিনিময়বাজারে অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক অনিশ্চয়তা ও মানুষের প্রত্যাশাও প্রভাব ফেলছে বলে স্বীকার করেছেন তিনি। 

এদিকে অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের পথে হাঁটছে ইরান সরকার। দ্য ওয়াশিংটন পোস্টের ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে বিদ্যুৎ ব্যবহারে রেশনিং চালু করা হয়েছে। পাশাপাশি রুটি ও জ্বালানিতে সরকারি ভর্তুকি কমানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ছে। শীত মৌসুমে বিদ্যুৎ সংকট ও জ্বালানির ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ইরানের এই অর্থনৈতিক সংকটের পেছনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, তেল রপ্তানিতে বাধা, যুদ্ধের প্রভাব এবং বৈদেশিক মুদ্রার সংকট বড় ভূমিকা রাখছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন অবরোধের কারণে সেপ্টেম্বরে ইরানের সমুদ্রপথে অপরিশোধিত তেল রপ্তানি ব্যাপকভাবে কমে যায়। এর পাশাপাশি দেশটির মুদ্রার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। 

ওয়াশিংটনের লক্ষ্য ইরানের তেল রপ্তানি ও আন্তর্জাতিক আর্থিক লেনদেন সীমিত করে দেশটির অর্থনীতির ওপর চাপ বাড়ানো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই চাপের মাধ্যমে তেহরানকে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে বাধ্য করতে চায়। তবে ইরানের কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশটির অর্থনীতি সচল রাখার মতো সক্ষমতা রয়েছে।

সূত্র: রয়টার্স