প্রধান বিচারপতির বাসভবনসহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

রাজধানীর জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রধান বিচারপতির বাসভবনসহ বিচারিক গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো- প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকা।

বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার জানান, এসব এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না।

তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবি-দাওয়ার নামে রাস্তা অবরোধ করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টির প্রবণতা বেড়েছে। জননিরাপত্তা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএমপির পক্ষ থেকে সড়ক অবরোধ করে জনজীবন বিপর্যস্ত না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

FJ
আরও পড়ুন