ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আলটিমেটাম

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

ঢাকা মহানগরীতে ফুটপাত ও রাস্তা দখল করে পরিচালিত দোকান, রেস্তোরাঁ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ অনতিবিলম্বে অপসারণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার (২৩ মার্চ) ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামী ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ডসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে রেস্তোরাঁ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং শপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় সম্প্রসারণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে রেস্তোরাঁর রান্নার বার্নার, হাঁড়ি-পাতিল, গ্রিল বা কাবাব তৈরির মেশিন, ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি এবং শোরুমের আসবাবপত্র ফুটপাতে রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এমনকি রাস্তার ওপর গাড়ি রেখে মেরামতের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

ডিএমপি জানায়, ফুটপাত ও রাস্তা দখল করে রাখা এসব মালামাল ও সরঞ্জামাদি জনস্বার্থে অনতিবিলম্বে সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সামারি ট্রায়াল বা মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হবে।

সেই সঙ্গে আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড ও সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জনভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

AHA
আরও পড়ুন