অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি

আপডেট : ২০ মে ২০২৬, ০১:১৫ পিএম

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, অপরাধী যেই হোক না কেন, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় কোনোভাবেই বিবেচনা করা হবে না।

আজ বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, প্রায় তিন কোটি মানুষের এই মেগাসিটিতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিং বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে। এছাড়া সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানান তিনি। ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পাওয়ায় তা সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজধানীর চিরচেনা যানজট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ সড়কে এআই (AI) ভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন চালু করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের সুবিধার্থে অনলাইন জিডি, ‘হ্যালো ডিএমপি’ এবং হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম চালু করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট, ঈদের জামাত, শপিং মল ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশনার। বাস ও রেলস্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে পুলিশ তৎপর থাকবে উল্লেখ করে তিনি বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান। অজ্ঞান পার্টি ও জাল নোট চক্র ঠেকাতে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

পরিশেষে ডিএমপি কমিশনার বলেন, "ঢাকার নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়; চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।" তিনি নাগরিকদের যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে অনুরোধ করেন।

SN
আরও পড়ুন