মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

আপডেট : ২৫ মে ২০২৬, ০৯:৩০ পিএম

মানবিকতার হাত বাড়িয়ে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে রাজধানীর মিরপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শারীরিক প্রতিবন্ধী বেলু ও গৃহকর্মী শাহানার হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদের বাজার তুলে দিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা নিয়মিতই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় মিরপুর এলাকায় খোঁজ নেওয়ার সময় তারা জানতে পারেন প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার কঠিন জীবনসংগ্রামের কথা।

প্রতিবন্ধী বেলু জন্মগতভাবেই এক পা হারানো একজন শারীরিক প্রতিবন্ধী। জীবিকার তাগিদে তাকে ভিক্ষাবৃত্তির মতো কষ্টের পথ বেছে নিতে হয়েছে। প্রতিদিনের জীবনযুদ্ধ যেখানে অত্যন্ত কঠিন, সেখানে ঈদের কেনাকাটা বা ভালো খাবারের আয়োজন করা তার জন্য ছিল আকাশকুসুম কল্পনা। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ঈদের উপহার পেয়ে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন।

অন্যদিকে, শাহানা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে সংসার চালান। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির বাজারে দিন শেষে পরিবারের মুখে অন্ন জোগাতেই তিনি হিমশিম খাচ্ছিলেন। এমন সময় ঈদের বাজার পেয়ে তিনি সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য নয়, এটি সবার জন্য। সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়ান, তবেই ঈদের সার্থকতা ফুটে উঠবে। মানবিক দায়বদ্ধতা থেকেই শুভসংঘ এই সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে।’

স্থানীয়রা বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, সমাজের অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে শুভসংঘ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

FJ
আরও পড়ুন