রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে পৃথক ঘটনায় একটি বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে রাখা একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি আসন পুড়ে যায়। গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম শনিবার রাত সোয়া ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। ওই গ্যারেজের নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।
ওসি আরও বলেন, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বিএনপি-জামায়াতসহ ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ রোববার