এবারের বিশ্বকাপে আলো ছড়াবেন যারা

আপডেট : ০১ জুন ২০২৬, ০২:৪০ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া এই আসরটি বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ হতে পারে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ফুটবলের নতুন প্রজন্মের হাতে ব্যাটন চড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মেগা ইভেন্টে বিশ্বের বড় বড় তারকারা নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জয়ের লক্ষ্য রাখছেন। চলতি আসরে যে ১০ জন খেলোয়াড়ের ওপর ফুটবল বিশ্বের নজর থাকবে, তাদের সংক্ষিপ্ত পরিচিতি নিচে তুলে ধরা হলো:

লিওনেল মেসি (আর্জেন্টিনা): কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন মেসি। ক্লাব ফুটবলে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিকে গত বছর এমএলএস কাপ জিতিয়েছেন তিনি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১২ গোল ও ৮টি অ্যাসিস্ট করে দারুণ ফর্মে থাকলেও বিশ্বকাপের ঠিক দুই সপ্তাহ আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা। তবে তাকে নিয়েই ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল): ৪১ বছর বয়সেও ট্রফি ও রেকর্ডের প্রতি বিন্দুমাত্র ক্ষুধা কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। আল নাসরের হয়ে ঘরোয়া লিগ শিরোপা জেতা এই ফরোয়ার্ডের ক্যারিয়ারে কেবল এই একটি শিরোপাই অধরা রয়ে গেছে। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে ১৪৩টি গোলের বিশ্ব রেকর্ডধারী রোনালদো সদ্য সমাপ্ত ঘরোয়া লিগে ৩০ ম্যাচে ২৮টি গোল করেছেন।

কিলিয়ান এমবাপে (ফ্রান্স): ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে নিজেকে মেসি-রোনালদোর যোগ্য উত্তরসূরি হিসেবে প্রমাণ করতে লড়ে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার সবশেষ লা লিগায় ৩১ ম্যাচে ২৫ গোল এবং ইউরোপ সেরার মঞ্চে ১১ ম্যাচে ১৫ গোল করেছেন। ফ্রান্সকে আরও একটি বিশ্বকাপ এনে দিয়ে ক্যারিয়ারের প্রথম ব্যালয়ন ডি'অর জয়ের সুযোগ হাতছাড়া করতে চাইবেন না এই তারকা।

উসমান দেম্বেলে (ফ্রান্স): বর্তমান ব্যালয়ন ডি'অর জয়ী এই ফরাসি ফরোয়ার্ড প্যারিস সেন্ট-জার্মেইতে (পিএসজি) যোগ দেওয়ার পর নিজের ক্যারিয়ারকে দারুণভাবে পুনরুজ্জীবিত করেছেন। ক্লাবকে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি, যেখানে ফাইনালে আর্সেনালের বিপক্ষে সমতাসূচক গোলসহ টুর্নামেন্টে ১৩ ম্যাচে ৮টি গোল করেছেন দেম্বেলে।

আর্লিং হালান্ড (নরওয়ে): ক্লাব ফুটবলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা খেলে ২৫ বছর বয়সী এই নরওয়েজিয়ান গোল মেশিন এবারই প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন। নরওয়েকে এই আসরে আন্ডারডগ বা দুর্বল দল ধরা হলেও হালান্ডের উপস্থিতি যেকোনো দলের রক্ষণভাগ কাঁপিয়ে দিতে পারে। এবারের প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ২৭ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন তিনি।

লামিন ইয়ামাল (স্পেন): ২০২৪ সালের ইউরো কাপে স্পেনের ট্রফি জয়ের মূল কারিগর ছিলেন এই তরুণ সেনসেশন, যিনি ইতোমধ্যে মেসির সাথে তুলনার মধ্য দিয়ে লাইমলাইটে চলে এসেছেন। গতি ও দুর্দান্ত ফুটওয়ার্কের কারণে এমবাপেকে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে তাকে বেশ এগিয়ে রাখা হচ্ছে। ইনজুরির কারণে বার্সেলোনার এই তারকার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা থাকলেও দ্বিতীয় ম্যাচেই তাকে পাওয়ার আশা করা হচ্ছে।

জুড বেলিংহাম (ইংল্যান্ড): প্রথম মৌসুমেই রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ লিগ জেতাতে নেতৃত্ব দেওয়া বেলিংহামকে ইংল্যান্ডের প্রধান ভরসা মনে করা হচ্ছে। ১৯৬৬ সালের পর ইংল্যান্ডের প্রথম কোনো বড় শিরোপা জেতার আশার মূল কেন্দ্রবিন্দু এই ম্যাচ-উইনার মিডফিল্ডার, যিনি বড় মঞ্চে অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারদর্শী।

নেইমার (ব্রাজিল): ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ৩৪ বছর বয়সী নেইমার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপের ডাক পেয়েছেন। ইনজুরি ও সৌদি আরবে হতাশাজনক অধ্যায় কাটানোর পরও ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ওপরই ভরসা রেখেছেন। ফিটনেসের পরীক্ষা দেওয়ার পথে ১৫ ম্যাচে ৬ গোল করেছেন সাবেক এই সান্তোস তারকা।

মোহামেদ সালাহ (মিশর): মিশরের এই আইকন লিভারপুলের হয়ে সব ধরনের ট্রফি জিতলেও দেশের হয়ে দুইবার আফ্রিকান কাপ অব নেশনন্সে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। লিভারপুল ছাড়া ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার বিশ্বকাপে নিজের সেরা ফর্ম ঢেলে দিয়ে দেশকে অনেক দূর নিয়ে যেতে মুখিয়ে আছেন।

ক্রিশ্চিয়ান পুলিসিক (যুক্তরাষ্ট্র): আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় এই তারকা বর্তমানে এসি মিলানের হয়ে নিজের সেরা ফর্ম খুঁজে পেয়েছেন। চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই ফরোয়ার্ড ঘরের মাঠে কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে টিম ইউএসএকে অনেক দূর নিয়ে যেতে বড় ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। সবশেষ সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচেও তিনি ১টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত