তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় চারজন গ্রেপ্তার

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

রাজধানীর বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. জাকির হোসেন (৩১)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৬ জুন) বিকেল পৌনে ৫টার দিকে পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিল চলাকালে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জাকির হোসেনকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর জাকির হোসেনের বড় ভাই অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে শনিবার সকাল ৭টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মো. রাশেদ (২০) ছাড়া বাকি তিনজন শিশু বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Attr
আরও পড়ুন