রাজধানীতে উগ্রবাদ সন্দেহে এফসিএস প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

রাজধানীতে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)-এর প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক শাহ আমানত সাবিরসহ ছয় যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ব্যবস্থা নিয়ে আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (৫ জুলাই ) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশের একটি বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন মো. হোসাইন তানিম (২০), মো. জুনায়েদ (২২), আতাউল্লাহ শাহ (৩২), মো. আবিদুর রহমান (২০) ও মো. বায়োজিত (৩০)।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, আগের দিন করা একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উগ্রবাদী সংগঠনের কয়েকজন ব্যক্তি সেখানে প্রশিক্ষণের উদ্দেশ্যে সমবেত হয়েছেন। এরপর থানার একাধিক মোবাইল টিম অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে ছয়জনকে আটক করে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনাস্থলে সমবেত হওয়ার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের সমবেত হওয়ার প্রকৃত কারণ ও অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা জানার চেষ্টা করা হবে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।

Attr
আরও পড়ুন