মিরপুর-১০ মেট্রো স্টেশনে অবৈধ দখল উচ্ছেদে অভিযান

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম

যাত্রী চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম।

অভিযানে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। অভিযানে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

অভিযান চলাকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল—এমন সব অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল স্টেশন এলাকায় নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

AHA
আরও পড়ুন