রাজধানীর রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মেরাদিয়া এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় অফিসগামীসহ হাজারো মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, ভোর ৪টার দিকে বৃষ্টির কারণে মেরাদিয়া এলাকায় সড়কে পানি জমে যায়। এ সময় দুটি ট্রাক বিকল হয়ে সড়কের ওপর আটকে থাকায় যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাবে নতুনবাজার, বাড্ডা, মেরাদিয়া হয়ে রামপুরা পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। শত শত বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দীর্ঘ সময় একই স্থানে আটকে থাকে।
দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকার পর অনেক যাত্রী বাধ্য হয়ে বাস থেকে নেমে বৃষ্টির মধ্যেই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা জরুরি কাজে যাওয়া অনেকেই সময়মতো পৌঁছাতে না পারার আশঙ্কা প্রকাশ করেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু, বয়স্ক এবং অসুস্থ যাত্রীরা।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান জানান, ভোরে বিকল হয়ে যাওয়া দুটি ট্রাকের মধ্যে একটি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য ট্রাকটি অপসারণের কাজ চলছিল। তিনি বলেন, ট্রাক দুটি সড়কে বিকল হয়ে পড়ায় ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং এর প্রভাব নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত বিস্তৃত হয়।
পরিবাগে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের