রাষ্ট্রপতির শপথ ঘিরে বন্ধ থাকবে যেসব সড়ক

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৭:৩৭ এএম

বঙ্গভবনের দরবার হলে আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপস্থিত থাকবেন দেশের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান উপলক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বঙ্গভবন ও সংলগ্ন মতিঝিল-গুলিস্তান এলাকায় ভিআইপি চলাচল সুগম করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে । 

বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট কিছু রাস্তায় সাধারণ যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই ট্রাফিক কড়াকড়ি প্রযোজ্য হবে না।

নির্দেশনায় বলা হয়েছে, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। এছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকমুখী বাণিজ্যিক যানবাহন চলাচলও বন্ধ থাকবে।

গণপরিবহন চলাচলের সুবিধার্থে শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী বাসগুলোকে অন্য বিকল্প সড়ক ব্যবহার করার কথাও জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, হানিফ ফ্লাইওভার দিয়ে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না নিয়ে ফুলবাড়িয়া অথবা ইউবিএল ক্রসিং দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প রুট হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল-নাইটিঙ্গেল-ফকিরাপুল হয়ে শাপলা চত্বর সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

সাময়িক এই ট্রাফিক ব্যবস্থার কারণে ওই এলাকার সড়কে যাতায়াতে সাধারণ মানুষের কিছুটা বিলম্ব বা ভোগান্তি হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

তথ্যসূত্র: ট্রাফিক মতিঝিল বিভাগ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

HN
আরও পড়ুন