রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নিহত স্কুলশিক্ষিকা রনজিনা পারভীনকে নিয়ে নতুন তথ্য দিয়েছে র্যাব। এ ঘটনায় মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে র্যাব।
র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, এ বিষয়ে রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে স্বামী আবদুল মতিনের সঙ্গে রাজধানীতে এসেছিলেন। শুক্রবার রাতে বাসে করে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। শনিবার ভোরে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামার পর সকাল ৬টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় ফার্মগেটের খামারবাড়ির ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।
পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি মোটরসাইকেল তাদের রিকশার পাশে দুইবার ঘষা দেয়। রনজিনার স্বামী আবদুল মতিন জানান, তিনি বিষয়টির প্রতিবাদ করলে রিকশাচালক গতি কমিয়ে দেন। এ সময় পেছনে থাকা মোটরসাইকেলের আরোহী রনজিনার কাঁধে থাকা ব্যাগ ধরে সজোরে টান দেন।
ছিনতাইকারী ব্যাগ নিয়ে খামারবাড়ির দিকে চলে যায়। আর হেঁচকা টানে রিকশা থেকে রাস্তায় পড়ে যান রনজিনা। স্ত্রীকে পড়ে যেতে দেখে রিকশা থামিয়ে তার কাছে ছুটে যান মতিন। রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় স্ত্রীকে কোলে তুলে একই রিকশায় করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রনজিনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দুজনকে আসামি করে অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে। এর মধ্যেই র্যাব একজনকে গ্রেপ্তার এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করার তথ্য জানাল।
গুমের ভয়াবহ অভিজ্ঞতা বলতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান