সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম

সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এর পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ও সহযোগিতা নিয়ে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি বলেন, অপরাধ দমনে গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নেওয়া হচ্ছে। চলমান কার্যক্রম আরও শক্তিশালী করতে বৈঠকে নতুন কিছু কৌশল নির্ধারণ করা হয়েছে। তবে কৌশলগত কারণে সেগুলো প্রকাশ করা সম্ভব নয়।

অপরাধ দমনে পুলিশের দায়বদ্ধতার ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঁদাবাজি বন্ধে সারা দেশে গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় বিশেষ কৌশলগত অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় পরিকল্পনা ও কৌশল গ্রহণ করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন