কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। প্রতিবন্ধী এই সন্তানের মৃত্যুর পর শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো ছেলের মুখ দেখেন মা শারমিন সুলতানা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে তূর্য মারা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু শনিবার দুপুরে বলেন, কারাফটকে তাঁর স্ত্রী শেষবারের মতো সন্তানের মুখ দেখেছেন। দুপুর ১২টার দিকে তাঁদের দেখা হয়েছে। এরপর তাঁরা কাশিমপুর থেকে ফিরে যাচ্ছেন।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে শাহাদাৎ হোসেন জানিয়েছিলেন, কারা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাঁকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, তাঁর স্ত্রীকে কারাগারের বাইরে নেওয়া হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ডিসেম্বর পর্যন্ত কারাগারে বন্দী কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও তাঁকে জানানো হয়েছে।
এ বিষয়ে শনিবার বেলা ১১টার পর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেনের সন্তান মারা গেছে। শিশুটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর জন্য তাঁদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল।
বিধি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে কারাফটকে দুই মিনিটের মতো মুখ দেখানোর ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে সন্তানের অসুস্থতার কথা বলতে ও মুক্তির আকুতি জানাতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, তাঁর সন্তান অসুস্থ ও প্রতিবন্ধী। সারা রাত শিশুটিকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া তাকে দেখাশোনা করার কেউ নেই। তাঁকে বাসা থেকে গণপিটুনির উদ্দেশ্যে তুলে আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, অপরাধী হলে তিনি বাসায় থাকতেন না। ভিডিওতে শারমিন সুলতানার আরও কয়েকটি খণ্ডিত বক্তব্য শোনা যায়।
অন্যদিকে মারা যাওয়া তূর্যের আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিওও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে সে তার মাকে নিরপরাধ দাবি করে মুক্তি চেয়েছিল। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, সংবিধান বলে কিছু থেকে থাকলে তার মায়ের মুক্তি দেওয়া উচিত।
গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন বলে গোপন সূত্রে তথ্য পায় পুলিশ। পরে লালবাগ থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বাহরাইনের টিভি চ্যানেল লুয়ালুয়ার সম্প্রচার লাইসেন্স স্থগিত করলো যুক্তরাজ্য
শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর