মাত্র ৩৮ বছরেই থেমে গেল ব্রনসন রিডের জীবন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

বিশ্বখ্যাত রেসলিং সংস্থা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (WWE) তারকা ব্রনসন রিড আর নেই। ৩৮ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ান এই পেশাদার রেসলার। তাঁর প্রকৃত নাম জারমেইন হ্যালি। শুক্রবার (২৭ নভেম্বর) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে WWE। শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

WWE তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসাজনিত জটিলতার কারণে মারা গেছেন ব্রনসন রিড। তবে ঠিক কী ধরনের শারীরিক জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

বিবৃতিতে WWE জানায়, রিড ছিলেন রিংয়ের ভেতরে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন পারফর্মার। তবে রিংয়ের বাইরেও তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, নিবেদিতপ্রাণ পরিবারের সদস্য এবং সহকর্মীদের প্রিয় একজন ব্যক্তি। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, কন্যাসন্তান, পরিবার, বন্ধু, সহকর্মী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম নেওয়া জারমেইন হ্যালি ২০০৭ সালে পেশাদার রেসলিংয়ে যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি জোনা রক নামেও পরিচিত ছিলেন। ২০১৯ সালে WWE-তে যোগ দেওয়ার পর ব্রনসন রিড নামে পরিচিতি পান তিনি।

WWE-এর ডেভেলপমেন্ট ব্র্যান্ড NXT-তে পারফর্ম করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন রিড। ২০২১ সালে জেতেন NXT নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। একই বছর WWE ছাড়ার পর নিউ জাপান প্রো-রেসলিং (NJPW) ও TNA-সহ বিভিন্ন রেসলিং প্রতিষ্ঠানে কাজ করেন। ২০২২ সালে আবারও WWE-তে ফিরে আসেন তিনি। ২০২৪ সালে জয় করেন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল।

রিংয়ে তাঁর শক্তিশালী শারীরিক গঠন, ক্ষিপ্রতা এবং ‘সুনামি’ নামের বিশেষ ফিনিশিং মুভ তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল।

মৃত্যুর কয়েক সপ্তাহ আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত WWE ক্রাউন জুয়েল ইভেন্টে অংশ নিয়েছিলেন ব্রনসন রিড। ৭ নভেম্বরের ওই আয়োজনে আরেক রেসলার ওবা ফেমির সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে মঞ্চ থেকে টেবিলের ওপর পড়ে যান তিনি।

পরবর্তী সময়ে বিভিন্ন আন্তর্জাতিক রেসলিং সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় তাঁর পাঁজরের একাধিক হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর আঘাত লাগে। চিকিৎসার জন্য তাঁকে সৌদি আরবে থাকতে হয়েছিল। পরে ১৮ নভেম্বর দেশে ফেরার খবরও প্রকাশিত হয়।

তবে ক্রাউন জুয়েলের ওই আঘাতের সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা WWE নিশ্চিত করেনি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

ব্রনসন রিডের আকস্মিক মৃত্যুতে রেসলিং অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে একজন শক্তিশালী পারফর্মারকে হারানোর পাশাপাশি পরিবার ও ভক্তরা হারালেন প্রিয় একজন মানুষকে। 

সূত্র: এসোসিয়েট প্রেস 

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত