থাইল্যান্ড ও কানাডা থেকে নিত্যনতুন মাদকদ্রব্য এনে রাজধানীর গুলশান-বনানী এলাকায় উচ্চবিত্ত শ্রেণির সন্তানদের কাছে বিক্রি করতেন তিন যুবক।
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশান ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর)। গ্রেপ্তারকৃতরা হলেন- কাজী মারম্নফুল ইসলাম ওরফে রাজ (২৬), মো. ইসমাইল বেপারী (৩০) ও সাকিব নঈম (২৭)।
এসময় তাদের কাছ থেকে ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ক্যানাবিনলযুক্ত কান্ডি, তরল ক্যানাবিনয়েড ও ম্যাজিক মাশরুম উদ্ধার করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তর মেট্রোর উপপরিচালক শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ ১ কেজি ৪০ গ্রাম, ক্যানাবিনলযুক্ত কান্ডি ৬০ গ্রাম, তরল ক্যানাবিনয়েড ৩৮ গ্রাম, ম্যাজিক মাশরুম ১৮ গ্রাম, মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক লোকমান হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, থাইল্যান্ড ও কানাডা থেকে এসব মাদকদ্রব্য নিয়ে আসতেন। অত্যাধুনিক অ্যাপসভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে কৌশলে মাদক পৌঁছে দিতেন তারা। গুলশান ও বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার ধনাঢ্য তরুণ-তরুণী উচ্চমূল্যে এসব মাদক কিনে সেবন করেন।