রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
নূর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার ভাতিজা ইয়াসিন। তিনি জানান, মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে অবস্থিত বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন নুর ইসলাম। দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে আসা ৫-৬ জন দুর্বৃত্ত নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়। খবর পেয়ে নূর ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ইয়াসিন আরও জানান, নূর ইসলামের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার মহিশখালী এলাকায়। তিনি ওই এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডের একটি বাসায় থাকেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে বিএনপির এক নেতা হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টা সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়