আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে নবনির্মিত শিশু হাসপাতালের অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান, সদর দফতর ৩৩ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ, কর্নেল কে এম মেহেদী হাসান।
ব্রিফিংয়ে তিনি বলেন, অসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে অভিযান পরিচালনা করে আসছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এসব কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।
কর্নেল কে এম মেহেদী হাসান জানান, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন স্থানে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশী ও বিদেশী অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ মহড়া পরিচালনা করা হবে বলেও জানান এই সেনাকর্মকর্তা।
কর্নেল মেহেদী হাসান আরো বলেন, যেকোনো পরিস্থিতিতে ভোটাররা যেন ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দায়িত্বপ্রাপ্ত বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে সেগুলোকে বিশেষভাবে সাজানো হয়েছে। ফলে ঝুঁকি কমে আসবে। প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে সেনাবাহিনীর মোবাইল টিম টহলে থাকবে।’
সংখ্যালঘু অধ্যুষিত এলাকার নিরাপত্তা বিষয়ে কর্নেল কে এম মেহেদী হাসান জানান, এসব এলাকা চিহ্নিত করে একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সমন্বয় ও যোগাযোগ রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়।
তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে কেউ যেন ভোট প্রদানে বাধা সৃষ্টি বা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেটিই সেনাবাহিনীর মূল লক্ষ। এ জন্যে সামরিক ও অসামরিক প্রশাসনের সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে এই সেনাকর্মকর্তা সাধারণ জনগণসহ দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইউনিট মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংবাদ ব্রিফিং শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান। সূত্র : বাসস
৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
