কুমিল্লার দাউদকান্দিতে রান্নার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।
দগ্ধদের মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও দুই বছরের শিশু হুররাম।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভোর ৬টার দিকে দাউদকান্দি থেকে দগ্ধ চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে উম্মে হুমায়রার শরীরের ৬৫ শতাংশ এবং জিল হকের শরীরের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় এই দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এছাড়া মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে রান্নার জন্য দিয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন।
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, আশঙ্কাজনক আরও ৮
