মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিলো সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মোমবাতি ও চার্জার লাইটের আলোয় পরীক্ষা দিয়েছে প্রায় সাড়ে চার হাজার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী। 

বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পর্যাপ্ত আলোর অভাবে উত্তরপত্র লিখতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কালবৈশাখী ঝড় শুরু হলে নবীনগরে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইন ট্রিপ করে গোটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে উপজেলার ১১টি পরীক্ষাকেন্দ্র অন্ধকারে নিমজ্জিত হয়।

জানা যায়, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণপুর ডিএস কামিল মাদরাসাসহ উপজেলার ৮টি এসএসসি, ২টি দাখিল ও একটি ভোকেশনাল কেন্দ্রে এদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৪৭৪ জন। বিদ্যুৎ না থাকায় অন্ধকার শ্রেণিকক্ষে বাধ্য হয়ে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে তাদের পরীক্ষা দিতে হয়। আলোর অভাবে লিখতে গিয়ে অনেককেই সমস্যায় পড়তে হয়েছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা।
 
শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্রগুলোতে বিকল্প কোনো প্রস্তুতি (জেনারেটর বা আইপিএস) ছিল না। 

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন তারা।

 
 
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করা হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় তারের ওপর গাছের ডালপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরীক্ষাকেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে।’
 
পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল ওয়াদুদ হোসেন জানান, কালবৈশাখী ঝড় ও বাতাসের কারণে বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে তারের ওপর পড়ায় ৩৩ কেভি লাইন ট্রিপ করে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
 
সার্বিক বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘প্রত্যেক কেন্দ্র সচিবকে বোর্ড থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তারা সেই নির্দেশনা মোতাবেকই পরীক্ষা গ্রহণ করছেন।’

HN
আরও পড়ুন