বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
জিসান আহম্মেদ প্রধান দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী এলাকার বাসিন্দা ও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে দাউদকান্দি এসে পরিবারকে জানায় নামাজ পড়ে বাড়িতে আসবে। ৮টার পর থেকে জিসানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি বলেন, বৃহস্পতিবার রাত থেকে আমার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন আত্মীয়স্বজন ও পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করেছি, কোথাও তার সন্ধান মেলেনি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এলাকায় তার রাজনৈতিক শত্রু থাকতে পারে বলেও আমাদের আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী বলেন, জিসান আহম্মেদ প্রধানের হোয়াটসঅ্যাপের সর্বশেষ কার্যক্রম রাত ৮টা ২৯ মিনিটে দেখা গেছে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
কাপ্তাই হ্রদে পানি সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
রাঙামাটিতে আশ্রম থেকে ধর্মান্তরিত তরুণী উদ্ধার