সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:০৯ এএম

সিলেটের গোয়াইনঘাটে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে। তারা সবাই জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল।

 

রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অষ্টম শ্রেণির চলমান পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে করে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার সময় দ্রুতগতির কারণে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়।

 

এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাকিব আহমদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রায়হান ও জয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে রায়হান আহমেদের মৃত্যু হয়। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে একই হাসপাতালে মারা যায় জয়। এতে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।

 

একই শ্রেণির তিন সহপাঠীর এমন মর্মান্তিক মৃত্যুতে গোয়াইনঘাটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও তাদের বাড়িতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

 

জাফলং আমির মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তিনজনই মেধাবী, প্রাণবন্ত এবং সবার প্রিয় ছিল। একসাথে পরীক্ষা দিয়ে ঘুরতে গিয়ে তাদের এমন করুণ মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরো দায়িত্বশীল হতে হবে। একই সাথে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত তিন শিক্ষার্থীর লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।’

HN
আরও পড়ুন