রাজশাহীর সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে নাটোরের মালিকপক্ষ রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের পাঁচ-সাতটি বাস আটকে রাখে। এর প্রতিবাদে রাজশাহীর পরিবহন মালিকপক্ষ দূরপাল্লার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে দর্শনাগামী রাব্বি পরিবহনের একটি বাসকে কেন্দ্র করে দুই জেলার পরিবহন মালিকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলালের অনুমতি নিয়ে রাব্বি পরিবহনের বাসটি রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যায়। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ভদ্রা এলাকার একটি কাউন্টার থেকে যাত্রী নিয়ে বাসটি নাটোরে পৌঁছালে সেখানে তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি আটকে দেয় বলে অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, রাব্বি পরিবহনের বাস থেকে যাত্রীদের মালামাল নামিয়ে তুহিন পরিবহনে তুলে দেওয়া হয়। পরে যাত্রীদের দর্শনার উদ্দেশে পাঠানো হলেও রাব্বি পরিবহনের বাসটি নাটোরে আটকে রাখা হয়। এ ঘটনার জেরে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে তুহিন পরিবহনের তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক রাব্বি পরিবহনের বাস ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।
তবে বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় শনিবার সকালে নাটোর রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে দেওয়া হয় বলে দাবি করেছে রাজশাহীর মালিকপক্ষ। এরপর রাজশাহী থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাস চলাচল বন্ধ থাকায় শনিবার সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন বাস কাউন্টারে এসে বিপাকে পড়ে ঢাকাগামী যাত্রীরা। অনেকে টিকিট কেটে বাসের অপেক্ষায় ছিল। কেউ কেউ আবার গন্তব্যে পৌঁছাতে বিকল্প যানবাহনের খোঁজ করে।
ঢাকাগামী যাত্রী সিরাজুল ইসলাম বলেন, জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলাম। এসে জানতে পারি বাস চলাচল বন্ধ।
রাজশাহী পরিবহন শ্রমিকদের একজন শাহজাহান বলেন, আমরা চাই নিয়ম মেনে সব রুটে বাস চলাচল করুক। রাজশাহীর অনুমতি নিয়ে চলা বাস নাটোরে আটকে দেওয়া হলে আমাদেরও ব্যবস্থা নিতে হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হওয়া দরকার।
উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, নাটোর ও রাজশাহীর বাস মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। ফলে রাজশাহী থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে।
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
মাত্র ৫ ঘণ্টায় চাঁদের জন্ম!
ইরানের পারমাণবিক কর্মসূচি আটকাতে পশ্চিমাদের নতুন কৌশল