কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেফতার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ এএম

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পুলিশের বিশেষ অভিযানে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান।

 

গ্রেফতারকৃতদের মধ্যে কোতোয়ালি থানা এলাকার ‘শ্যামল স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০), চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো: তারেক হোসেন সৈকত (১৯) ও মো: জাকির আহমদ (২৩) এবং মনোহরগঞ্জ থানা এলাকার ‘পিএক্স ১০’ গ্যাংয়ের মো: শাকিব (১৭)।

 

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সুপার মো: আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃতদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পরে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এইচএন
আরও পড়ুন