বাংলাদেশে ঘুরতে আসা জার্মান নাগরিক ক্রিল লেন্ডারের চুরি হয়ে যাওয়া ল্যাপটপটি চার দিন পর উদ্ধার করেছে নাটোর সদর থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে এক যাত্রী ট্রেনের সিটের নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে ব্যাগটি বাড়ি নিয়ে খুলে ল্যাপটপ দেখতে পান তিনি। পরবর্তীতে সংবাদমাধ্যমে পর্যটকের মালামাল চুরির খবর দেখে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পাওয়ার পর পুলিশ নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার একটি দোকানের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করে। চুরি হওয়া মূল্যবান ল্যাপটপটি ফিরে পাওয়ার খবরে জার্মান পর্যটক ক্রিল লেন্ডার সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখার উদ্দেশ্যে সফরে এসেছিলেন এই জার্মান পর্যটক। নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুমে অবস্থানকালে এক যুবক কৌশলে তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ল্যাপটপ উদ্ধার হলেও খোয়া যাওয়া ক্যামেরাটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি: নিহত ১৩৯, নিখোঁজ ৮৪