কিশোরগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হাজতি সিদ্দিক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। গত ১২ আগস্ট থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বিদ্যুৎ আইনের মামলায় হাজতে ছিলেন।

কিশোরগঞ্জের জেল সুপার মো. শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে হাজতি সিদ্দিক মিয়ার অসুস্থতা দেখা দিলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুর সনদপত্রে ডাক্তার লিখেছেন হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মামলায় গত ১২ আগস্ট থেকে কারাগারে ছিলেন। 

IL
আরও পড়ুন