পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জলিল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত জলিল হাওলাদার একজন মাছ ব্যবসায়ী। আনুমানিক ভোর ৫টার দিকে মোটরসাইকেলে চড়ে ইন্দুরকানি পাড়েরহাট মৎস্য বন্দর যাচ্ছিলেন তিনি। পথে ভান্ডারিয়া ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি মসজিদের সামনে সড়কে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুজ্জামান জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

