পিরোজপুর-২ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছেন বিএনপি প্রার্থী। তবে এই আসনে অংশ নেওয়া সাত প্রার্থীর মধ্যে পাঁচজনই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫%) ভোট না পাওয়ায় তাদের এই পরিণতি বরণ করতে হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে। বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।

বিজয়ীকে চ্যালেঞ্জ জানানো বাকি পাঁচ প্রার্থী ন্যূনতম ভোটের কোটা পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। ফলে তাদের সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন:
মাহমুদ হোসেন (স্বতন্ত্র/বিএনপি বিদ্রোহী): ১৬ হাজার ৭৭ ভোট।
মো. আবুল কালাম আজাদ (ইসলামী আন্দোলন): ৬ হাজার ৬৩৮ ভোট।
মো. মাহিবুল হোসেন (জাতীয় পার্টি-জেপি): ৪ হাজার ৬৭৮ ভোট।
ফয়সাল খান (এবি পার্টি): ৩৮৮ ভোট।
আনিসুর রহমান (গণঅধিকার পরিষদ): ১৪৩ ভোট।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা বা কারচুপির অভিযোগ পাওয়া যায়নি।

FJ
আরও পড়ুন