ভাইয়ের শাশুড়ি হত্যায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০০৭ সালে করা হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আসামি জামিনে গিয়ে পালাতক থাকায় রায়ের সময় অনুপস্থিত ছিলেন। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি মো. জালাল (৪১) নরিংসদীর নোয়াকান্দির সুলতান মিয়ার ছেলে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাসমিন আহাম্মেদ জানান, ২০০৭ সালের ৬ অক্টোবর আড়াইহাজারের ঝাউগাড়া এলাকার রিজিয়া খাতুন নামে ৫৫ বছর বয়সী এক নারী খুন হন। এই ঘটনায় তার ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন। পুলিশ তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে নিহতের মেয়ের দেবর জালালের সম্পৃক্ততা পায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন জালাল। পারিবারিক কলহ থেকে ওই নারীকে হত্যা করা হয় বলে মামলার নথিসূত্রে জানা গেছে।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এই মামলার তদন্ত শেষে জালালকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১৬ বছর পর আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামি পালাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।

AH
আরও পড়ুন