মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে ভাড়া বাসা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ নভেম্বর) সকালে রাহাফুল খান নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বড় ভাই হৃদয় খান বলেন, রাহাফুল দোকানের কাছে আব্দুল্লাহপুর গ্রামে একটি রুম ভাড়া নিয়ে থাকতেন। রোববার সকালে তার দোকান বন্ধ দেখে দুপুর ১২টার দিকে আমরা তার ভাড়া বাসায় যাই। সেখানে গিয়ে রুমের বাইরে থেকে দুর্গন্ধ পাই। আর দরজাটি বাইরে থেকে তালা দেওয়া ছিল।
বিষয়টির সন্দেহ হলে আমরা সাথে সাথে পুলিশকে জানাই। পরে পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় সোফার মধ্যে পড়ে আছে রাহুাফুল। তার মাথা, পেট, গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন।
নিহতের নানী মমতাজ বেগম বলেন, রাহাফুল যে রুমে ভাড়া থাকতো তার আশেপাশের রুমের ভাড়াটিয়ারা দরজায় তালা দিয়ে পালিয়েছে। রাহাফুলের রুমটিও বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারালো কোন অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

