আমাদের নয়, পুরো বিশ্বের প্রয়োজন হরমুজ প্রণালি: ট্রাম্প

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কম, পুরো বিশ্বের নির্ভরতা বেশি বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব ইতোমধ্যেই তীব্রভাবে অনুভূত হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র প্রায় কোনো তেলই হরমুজ প্রণালি দিয়ে আমদানি করে না এবং ভবিষ্যতেও করবে না। আমাদের এর প্রয়োজন নেই।' তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের শীর্ষ তেল ও গ্যাস উৎপাদক উল্লেখ করে দাবি করেন, চলমান যুদ্ধজনিত সরবরাহ ধাক্কা থেকে দেশটি সুরক্ষিত।

তবে বাস্তবে চিত্রটি ভিন্ন। যুক্তরাষ্ট্রের ভোক্তারা ইতোমধ্যেই জ্বালানির দাম বৃদ্ধির চাপ অনুভব করছেন, যেখানে গ্যাসের দাম ২০২২ সালের পর প্রথমবারের মতো প্রতি গ্যালনে ৪ ডলার ছাড়িয়েছে। ফলে ট্রাম্পের এই দাবি নিয়ে প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্র সরাসরি আমদানি কম করলেও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত থাকার কারণে দামের প্রভাব এড়ানো সম্ভব নয়। ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলোর ওপর।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এর বেশিরভাগই যায় এশিয়ার দেশগুলোতে, যারা উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সূত্র: সিএনএন

AS/SN
আরও পড়ুন