রাসেলস ভাইপারের দংশনে একদিনে ৩ জনের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২৪, ০৮:৩৮ এএম

পৃথিবীর বিষাক্ত ও হিংস্র সাপগুলোর মধ্যে রাসেলস ভাইপার অন্যতম। বাংলায় যাকে 'চন্দ্রবোড়া সাপ' নামে গ্রামে অনেকেই চেনেন। এই সাপের কামড়ে গত ২৪ ঘন্টায় দেশের ৩ জেলায় তিনজন মারা গেছেন। দৈনিক খবর সংযোগের প্রতিনিধিদের পাঠানো সংবাদ—

ফরিদপুর:
শুক্রবার ফরিদপুরের নর্থচ্যানেল ইউনিয়নের দুর্গম চরে রাসেলস ভাইপারের কামড়ে হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিন বেলা ১১টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁকে সাপটি কামড় দেয়।

রাসেলস ভাইপারের কামড়ে মারা যাওয়া হোসেন ব্যাপারী উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরেশ উল্লাহ ব্যাপারীর ছেলে।

ধামরাই (ঢাকা):
ঢাকার ধামরাইয়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে তহিরন নেছা নামে ৬৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার আমতা ইউনিয়নের আগজেঠাইল কাঁচা রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, ভোরে তহিরন নেছাকে বাড়ির পাশে সাপে কামড় দেয়। এলাকাবাসী দ্রুত তাকে নিয়ে পাশের সাটুরিয়া সদর হাসপাতালে রওনা দেন। পথেই তার মৃত্যু হয়।

শার্শা (যশোর): 
রাসেলস ভাইপারের কামড়ে যশোরের শার্শায় ফোরকানুল ইসলাম নামে ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় তাকে সাপে কামড় দিলেও রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

ফোরকানুল শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ত।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক শাকিরুল বলেন, হাসপাতালে না এনে বাড়িতে রাখায় শরীরে বিষ ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে।

AS
আরও পড়ুন