৭৯৫ বস্তা চোরাই চিনি জব্দ করল পুলিশ

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৯:৩৮ এএম

সিলেটে পৃথক অভিযানে অবৈধ পথে আনা ৭৯৫ বস্তা চিনি জব্দ করা হয়েছে। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৩ জুলাই) রাতে  সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল, ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই চিনি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. খোকন মিয়া (৪৭), পটুয়াখালীর গলাচিপা উপজেলার তাপাল বাড়িয়া গ্রামের সামছুল হকের ছেলে মো. আলীম (৪৫), গোয়াইনঘাট উপজেলার নয়ামাটি গ্রামের শরফ উদ্দিনের ছেলে আল আমিন (২২) ও ফরিদপুরের ছনপঁচা গ্রামের ওয়াজ উদ্দিন শেখের ছেলে মো. রাশেদ শেখ (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার।

তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩ জুলাই রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে চিনি ভর্তি দুইটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ৪৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ ও দুইজন চালককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, জৈন্তাপুর থানা পুলিশের আরও এক অভিযানে শনিবার ভোর রাতে জৈন্তাপুরের চান্দঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাক তল্লাশি চালিয়ে ৩১৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় চোরাকারবারের সঙ্গে জড়িত থাকায় দুই জনকে গ্রেপ্তার করা হয় ও ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

AH
আরও পড়ুন