নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম

বরিশালে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং তার কার্যালয়ে তালা ঝুলিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে ‘বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডা. এস এম মনিরুজ্জামান জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন এবং স্বৈরাচারের দোসর হিসেবে ভূমিকা রেখেছিলেন। এমন একজন ব্যক্তিকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে নিয়োগ দেওয়াকে তারা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। একই সঙ্গে অবিলম্বে তার নিয়োগ বাতিলের দাবি জানান।

বক্তারা আরও বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদ থেকে অপসারণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনে অংশ নেওয়া একাধিক চিকিৎসক বলেন, ‘জুলাই আন্দোলনের চেতনাবিরোধী ও বিতর্কিত একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে। আমরা এই নিয়োগ কোনোভাবেই মেনে নেব না। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। সরকারের উচিত বিষয়টি পুনর্বিবেচনা করা।’

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের কক্ষে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. লোকমান হাকিম বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আন্দোলনকারীরা তাদের দাবি ও অভিযোগ লিখিতভাবে দিলে আমি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।’

উল্লেখ্য, গত রোববার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদায়ন করে।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত