হাসপাতাল তত্ত্বাবধায়কের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম (রায়হান)-এর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও অসদাচরণের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন একই হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ লুৎফুন্নাহার লনী।

এর আগে গত ১৪ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন ডাঃ লুৎফুন্নাহার লনী।

অভিযোগে তিনি উল্লেখ করেন, চলতি বছরের জুন মাসে তিনি বরগুনা জেনারেল হাসপাতালে আবাসিক সার্জন হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে হাসপাতালের তত্ত্বাবধায়ক বিভিন্ন সময়ে তাকে অফিস কক্ষে ডেকে সুরুচিহীন ইঙ্গিত ও মানসিক হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গত ১৩ জুলাই সকালে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে তাকে তত্ত্বাবধায়কের অফিস কক্ষে ডাকা হয়। সেখানে তাকে ডরমিটরি কক্ষে একসঙ্গে সময় কাটানোর অনৈতিক প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এতে রাজি না হয়ে তিনি কক্ষ থেকে বের হয়ে আসেন। পরদিন হাসপাতালে রাউন্ড চলাকালে তাকে স্টাফ ও নার্সদের সামনে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

ডাঃ লুৎফুন্নাহার লনী অভিযোগে আরও দাবি করেন, এ ধরনের ঘটনায় হাসপাতালের কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তিনি সম্মানহানি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি।

তবে ২১ জুলাই হঠাৎ করেই অভিযোগটি প্রত্যাহার করেন ডাঃ লুৎফুন্নাহার লনী।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ ২৫০ শয্যা বরগুনা জেনারেল হাসপাতালের কয়েকজন সিনিয়র চিকিৎসক বিষয়টি নিয়ে বসেছিলেন। সবার সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান হয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই আমি আমার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।’

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম বলেন, ‘তিনি নিয়মিত অফিস করেন না, আর করলেও অনেক সময় নির্ধারিত সময়ে আসেন না। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন তা সমাধান হয়েছে।’

MCH
আরও পড়ুন