পাথরঘাটায় আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম

বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) ভোররাত থেকে সকাল পর্যন্ত পাথরঘাটা পৌরসভা ও কালমেঘা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা জেলা কৃষক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ (৪৫), কালমেঘা ইউনিয়ন তরুণ প্রজন্ম লীগের সাবেক সভাপতি ও পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাসেল মিয়া (৩২), পাথরঘাটা উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার (৬০), পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুজন আকন (৩৩) এবং উপজেলা ছাত্রলীগের কর্মী সবুজ আকন (২০)।

পুলিশ জানায়, মাসুম বিল্লাহ, রাসেল মিয়া, জাহাঙ্গীর জমাদ্দার ও সুজন আকনকে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর পাথরঘাটা উপজেলার সিএন্ডবি এলাকায় বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে সবুজ আকনকে বরগুনায় জুলাই স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, গ্রেপ্তার চারজনকে পাথরঘাটা থানার একটি মামলায় এবং একজনকে বরগুনার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত পাঁচজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

MCH/AHA
আরও পড়ুন