প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাত নারীর প্রাণহানি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৮ এএম

ঝালকাঠির রাজাপুরে সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশতলা মোড়ে ইউশা পেট্রলপাম্পের সামনে রাজাপুর-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। ওই নারী মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়ক পার হওয়ার সময় ঝালকাঠিগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় আহত হন তিনি। পরে খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল জানান, নিহত নারীর পরিচয় ও দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

MU
আরও পড়ুন