বরগুনার তালতলী উপজেলায় দেশীয় তৈরি একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের ভাড়া বাসা থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নড়াইলের লোহাগড়া থানার কাঁঠালতলী গ্রামের জিহাদ খাঁন (৩৫), বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামের হৃদয় মোল্লা (২৫) ও জামাল মল্লিক (২৭), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের অনিক মজুমদার (২৫) এবং পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদার (২৮)।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত তিন দিন ধরে লিমন সিকদারের ভাড়া বাসায় কয়েকজন অপরিচিত ব্যক্তি অবস্থান করছিলেন। তাঁরা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁদের চলাফেরা ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন ওই বাসায় গিয়ে তাঁদের বিষয়ে জানতে চান।
এ সময় জিহাদ খাঁন পিস্তল নিয়ে তাঁদের তাড়া করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে তাঁদের ধাওয়া করে আটক করেন এবং পুলিশকে খবর দেন।
তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পশ্চিম গাবতলী এলাকা থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
টেকনাফে বিদেশি রাইফেল, পিস্তলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
এক শিশুর ঘুষিতে আরেক শিশুর মৃত্যু