বরিশালে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ৩

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ এএম

বরিশাল নগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে কামরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে কামরুল ইসলামের সঙ্গে তাঁর সৎ মামাতো ভাই সুরুজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে নিজের জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুরুজ, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ভাই মিরাজ মিলে কামরুলকে মারধর করেন।

পরে তাঁরা বাটুল দিয়ে কামরুলের পিঠে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন, তাঁর স্ত্রী খাদিজা বেগম ও ছেলে মিরাজ হোসেনকে আটক করেছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত