বেগমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরকে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি সেতু এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মৃত মো. আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে।

আবদুল আহাদের মামা মো. আজাদ বলেন, দুই বছর আগে আহাদের মায়ের সঙ্গে তার বাবার ছাড়াছাড়ি হয়। এরপর থেকে সে নানার বাড়িতে থাকত। স্থানীয় জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। 

গতকাল রাতে অটোরিকশার মালিক ফোনে আহাদের মাকে জানান, সে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে অটোরিকশাসহ তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে ধানক্ষেতে পানি দিতে গিয়ে জমির মালিক কসটেপ মোড়ানো অবস্থায় আহাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে অটোরিকশার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। 

AHA
আরও পড়ুন