চট্টগ্রামে ভবনে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ এএম

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি আবাসিক বাসায় জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, ৬ তলা ওই ভবনটির তৃতীয় তলার একটি বাসায় রাতে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার জন্য দিয়াশলাই জ্বালালে বা বৈদ্যুতিক সুইচে স্পার্ক করলে এই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ফলে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিদগ্ধ ৭ জনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা সাহসিকতার সাথে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা বাসার আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন। বর্তমানে ভবনটিতে গ্যাস লাইনের ত্রুটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

DR/SN
আরও পড়ুন