নড়াইলে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৪

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে বাবা-ছেলেসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ৬-৭ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন— বড়কুলা গ্রামের নিউটন গ্রুপের রহমান খলিল (৪৫), তার ছেলে তাহাজ্জুদ হোসেন (২০), চাচাতো ভাই ফেরদৌস শেখ (৪২) এবং খায়ের গ্রুপের সাবেক ইউপি চেয়ারম্যান ওসিবুর মিয়া (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের এবং নিউটন গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড়কুলা এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই নিউটন গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

DR/SN
আরও পড়ুন