রাঙামাটিতে আশ্রম থেকে ধর্মান্তরিত তরুণী উদ্ধার

আপডেট : ১২ জুন ২০২৬, ১০:৫৫ এএম

রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া এলাকার একটি সনাতন ঋষি আশ্রম থেকে ধর্মান্তরিত এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আদালতের সার্চ ওয়ারেন্ট এবং সংশ্লিষ্ট থানার পুলিশ রিকুইজিশনের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার সদর হিন্দুপাড়া এলাকার এক তরুনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাকে আশ্রমে আটকে রাখা হয়েছে; এমন অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আলোচনায় আসে। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ মো. সাকের আহমেদ জানান, উদ্ধার হওয়া তরুণীর বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও থানা এলাকায় বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কক্সবাজার আদালত থেকে ঈদগাঁও থানা পুলিশের অনুকূলে একটি সার্চ ওয়ারেন্ট জারি করা হয়। ওই সার্চ ওয়ারেন্ট এবং ঈদগাঁও থানা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশ বাঙ্গালহালিয়া ঋষি আশ্রমে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী সকল ব্যবস্থা তারা গ্রহণ করবে।

উদ্ধার হওয়া তরুণী দাবি করেন, তিনি গত ১ মার্চ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অন্যদিকে তার মা জানান, পরিবারের সদস্যরা কয়েকদিন আগে তাকে ধর্মীয় দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে বাঙ্গালহালিয়া ঋষি আশ্রমে নিয়ে আসেন।

এ বিষয়ে আশ্রমের এক ঋষি সাধু বলেন, মেয়েটি প্রায় দুই মাস ধরে আশ্রমে অবস্থান করছিল। আশ্রমে প্রতিদিন অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষ আসা-যাওয়া করেন। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এ বিষয়টি আমার জানা ছিল না। তার মা-বাবাই তাকে এখানে নিয়ে এসেছিলেন।

MCH/YA
আরও পড়ুন