বাংলাদেশী ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা এলাকায় মাছ ধরতে গেলে সাত বাংলাদেশি জেলেকে দুটি মাছ ধরার ট্রলারসহ আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। 

সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমা থেকে তাদের আটক করে নিয়ে যায়। 

আটক জেলেরা হলেন, ফয়সাল (২৬), জলিল (১৬), আজম (১২), হেলাল (১১), লালয়া (১৯), সৈয়দ আলম (২১) ও ফয়সাল (২২)। তারা সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। আটক হওয়া দুটি মাছ ধরার বোটের মালিক শাহপরীর দ্বীপের কোনাপাড়া এলাকার মো. রাজ্জাক (৪০)।

শাহপরীর দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, ২ বিজিবির আওতাধীন শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায়, মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া উপকূলসংলগ্ন এলাকায় জেলেদের আটক করা হয়।

ইউএনও এস এম অনীক চৌধুরী জানান, কোস্ট গার্ডের মাধ্যমে ঘটনার তথ্য পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, সাতজন জেলেকে দুটি মাছ ধরার বোটসহ আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, জেলেরা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। এরপর তাদের আটক করা হয়। তাদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবি, কোস্ট গার্ড এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।”

স্থানীয়রা জানায়, শাহপরীর দ্বীপের দক্ষিণ-পূর্ব পাড়া ঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোট নিয়ে সাগরে যান জেলেরা। মাছ শিকার শেষে ফেরার পথে তারা ভুলক্রমে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

MCH
আরও পড়ুন